২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকারুননিসার অভিভাবকদের মানববন্ধন

রাজধানীর ধানমণ্ডিতে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 04:11 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমণ্ডি শাখা রক্ষা কমিটি’ ব্যানারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির ধানমণ্ডি এলাকায় অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কমিটির আহ্বায়ক শাহিদা পারভিন সিদ্দীকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধানমন্ডিতে এ শিক্ষা প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস করার দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছেন। তবে কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও, দৃশ্যত সেটি কার্যকর হচ্ছে না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমণ্ডি শাখার প্রধান ও সহকারী প্রধান শিক্ষক মো. আবুল হাসনাত মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্তৃপক্ষ অভিভাবদের দাবি আমলে নিয়েছে। দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

শিক্ষার্থীদের কল্যাণেই মানববন্ধন করছেন দাবি করে আন্দোলনকারী অভিভাবক জাহানারা বেগম বলেন, “বাচ্চারা ধানমণ্ডিতে স্কুল করবে বলে এই এলাকার আশেপাশে অভিভাবকদের অনেকেই স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছেন, ক্যাম্পাস স্থানান্তর হলে অভিভাবকরা তা মেনে নেবে না।”

এদিকে কর্মসূচির খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের ‘আপ্যায়ন খরচের’ জন্য ‘সাদা খাম’ ধরিয়ে দিতে দেখা গেছে।  

এ বিষয়ে জানতে চাওয়া হলে একাধিক অভিভাবক জানান, মানববন্ধনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের আপ্যায়ন খরচের জন্য অভিভাবকদের কাছ থেকে আলাদা করে চাঁদা তোলা হয়েছে।

একজন অভিভাবক বলেন, “আমরা ভেবেছিলাম সংবাদ প্রকাশ করতে টাকা লাগে।”

মানববন্ধনের খবর সংগ্রহের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে গিয়েছিলেন নিজস্ব প্রতিবেদক গোলাম মোস্তফা ধ্রুব।  

তিনি বলেন, “উনারা জানেনই না এটি সংবাদকর্মীদের দায়িত্ব। সংবাদ সংগ্রহের জন্য কোনো অর্থ দিতে হয় না।”