‘আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটবে’
বর্তমান সরকার নিজেদের অধীনে নির্বাচনের মাধ্যমে আবার দেশকে শাসন-শোষণ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।
বুধবার নরসিংদীতে তিনি সরকারকে ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদী’ উল্লেখ করে বলেন, “বাংলাদেশের মানুষ এখন ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটবে, এটা শুধু সময়ের ব্যাপার।”
“বর্তমান সরকার দুর্নীতিবাজ, মুনাফেক। সরকার গুম, খুনের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে।”
হত্যা, গুম, খুনের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে নোমান বলেন, জনগণের মধ্যে গণজাগরণের সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে এই সরকারের পতন ঘটবে।”
আগামী ৮ সেপ্টেম্বর ১৮ দলীয় জোটের উদ্যোগে নরসিংদীতে আয়োজিত এক জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।
জনসভার প্রস্তুতি নিয়ে এক যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে নোমান এসব কথা বলেন।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে স্থানীয় বাঁধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর এলাহী প্রমুখ।
