২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

`টাকা না দেয়ায়’ স্ত্রীর গায়ে আগুন

জুয়া খেলার টাকা না দেয়ায় স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বুধবার দুপুর ১২টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলায় এ ঘটনায় আহত শান্তনা খাতুনকে (২৪) রংপুর মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই সন্তানের মা শান্তনার বাড়ি উপজেলার সারাই ইউনিয়নের কাঁচু গ্রামে।

ঘটনার পর থেকে তার স্বামী রিকশাচালক আজিজুল ইসলাম পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া এবং আজিজুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক রিয়াজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাথা ও মুখ ছাড়া শান্তনার পুরো শরীর ঝলসে গেছে। এখনো তার জ্ঞান ফেরেনি।

সারাই ইউপি চেয়ার আশ্রাফুল ইসলাম বলেন, জুয়া খেলার টাকা না দেয়ায় মঙ্গলবার রাতে স্ত্রীকে মারধর করেন আজিজুল। বুধবার আবারো টাকা চেয়ে পেয়ে কেরোসিন ঢেলে শান্তনার গায়ে আগুন ধরিয়ে দেন আজিজুল।

শান্তনার বাবা সবেদ আলী বলেন, আজিজুল ঢাকায় রিকশা চালান। ঈদের আগে বাড়ি এসেছিলেন।