তথ্য বিকৃতকারীদের বিতাড়নের আহ্বান ইনুর
অসত্য তথ্য প্রদানকারী, অর্ধসত্য সরবরাহকারী এবং কুৎসা রটনাকারীদের গণমাধ্যম থেকে বিতাড়নের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) এক সেমিনারে তিনি বলেন, “গণতন্ত্র এবং গণমাধ্যমকে প্রসারিত করতে চাইলে গণমাধ্যমের ভেতর থেকে কুৎসা রটনাকারী, অসত্য তথ্য সরবরাহকারী এবং তথ্য ধামাচাপাকারীকে বাদ দিতে হবে। গণমাধ্যমকে এ ব্যাপারে নিজেদেরই এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ইনু বলেন, “১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকারি চাকরিতে কর্মরতদের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং দুর্নীতিবাজদের বাদ দিতে স্ক্রিনিং শুরু করেছিলেন। সেসময় সাংবাদিকদেরও তিনি আহ্বান জানিয়েছিলেন। আমাদের এখন সেই অসমাপ্ত স্ক্রিনিং শেষ করতে হবে।”
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের শক্ত অবস্থান নেয়ারও আহ্বান জানান তিনি।
জাসদ সভাপতি বলেন, “রাজনীতি থেকে তেঁতুল হুজুর, হিজবুত তাহরীর, সশস্ত্র জামাতি তথা সাম্প্রদায়িকতাকেও বাদ দিতে হবে। এখানে মাঝামাঝি বলে কোন জায়গা নেই। নিরপেক্ষতার দোহাই দিলে হবে না। গণমাধ্যমকেও এ বিষয়ে অবস্থান নিতে হবে। যারা মাঝখানে আছেন তারা কার্যত অন্যায়ের পক্ষে।”
ইনু বলেন, “আমরা দুই পা এগোবো, আপনাদেরও এগিয়ে আসতে হবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা মহাজোট সরকারের জন্য নয়। গণতন্ত্রের জন্য, ইতিহাসের প্রয়োজনে আপনাদের এগিয়ে আসতে হবে।”
নির্বাচন পদ্ধতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, “কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নিয়ে আলোচনা জরুরি। কিন্তু যুদ্ধাপরাধী, জামাতি, হিযবুত তাহরীরকে নির্বাচন থেকে বাদ দেয়াও জরুরি। হয় গণতন্ত্র, না হয় জঙ্গিবাদ-জামাতি-তেতুল হুজুর।”
সামরিক শাসক জিয়া, এরশাদের সমালোচনা করে তিনি বলেন, “জিয়া-এরশাদরা সংবিধান থেকে চার মুলনীতি বাদ দিয়েছিলো। এখন তাদের এবং খালেদা জিয়ার দোসররা সাম্প্রদায়িকতার বীজ বপন করছে। এই বিষাক্ত ছোবল থেকে দেশকে উদ্ধারের গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব আব্দুল জলিল ভুইয়া বলেন, “বঙ্গবন্ধু চাকরি চলে যাওয়া সাংবাদিকদের চাকরির ব্যবস্থা করেছিলেন। সাংবাদিকদের মর্যাদা দিয়েছিলেন। কিন্তু এখনকার সরকার সেটা ভাবছে না। আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। আজকে সংবাদপত্রের মালিকদের স্বাধীনতা আছে কিন্তু সাংবাদিকদের নেই।”
১৯৭২ সালের সাংবাদিক ইউনিয়নেরে সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্যে উল্লেখ করে বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “সে সময় বঙ্গবন্ধুও মিডিয়া মালিকদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজকে আমরাও প্রশ্ন তুলতে চাই, কারা পত্রিকা আর টেলিভিশনের লাইসেন্স পাচ্ছেন?”
পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান প্রমুখ।
