বরিশালে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা
বরিশালে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে।
হামলায় আহত উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মজুমদার বাদী হয়ে মামলাটি করেন।
মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় করা এ মামলায় আসিফ হাওলাদার ও বাবুলসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের ২৪/২৫ জনকে আসামি করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, পুলিশ পিটিয়ে আহত করা ও আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে।
ওসি আরো জানান, একটি মারামারির ঘটনার মামলায় পরোয়ানাভূক্ত আসামি রানীরহাট এলাকার চান্দু তালুকদারের ছেলে আসিফ তালুকদারকে (২৮) গ্রেপ্তার করতে সোমবার সন্ধ্যার পরে ওই এলাকায় যান এসআই নজরুল ও কনস্টেবল এনায়েত।
গ্রেপ্তারের পর আসিফকে থানায় নিয়ে আসার পথে রানীরহাট বাজার এলাকায় পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।
হামলায় আহত হন উপ-পরিদর্শক নজরুল ইসলাম মজুমদার ও কনস্টেবল এনায়েত হোসেন।
এদিকে আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলায় ঘটেছে কি-না তা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবর রহমান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার নন্দী ও জেলা গেয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক সাইফুর রহমানকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বরিশাল পুলিশ সুপার কে এম এহসান উল্যাহ জানান, ঘটনাটি পুলিশের গাফলতির কারণে ঘটেছে কিনা তা তদন্ত করে দেখার জন্যই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
