চবি ভর্তি ফরমের দাম কমানোর দাবি প্রগতিশীল ছাত্রজোটের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
সোমবার দুপুরে চবি চাকসু ভবনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বামপন্থী ছাত্র সংগঠনগুলোর এই মোর্চা।
লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নোবেল বলেন, আগেরবারের চেয়ে ১০০ টাকা বাড়িয়ে এবারে ভর্তি ফরমের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
“বিভিন্ন অনুষদের ফরম সংগ্রহ করার ক্ষেত্রে নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা এতে হিমশিম খেয়ে যাবে।”
ভর্তি ফরমের দাম বৃদ্ধি উচ্চ শিক্ষায় ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের যোগ্যতা যাচাইয়ের সুযোগকে সঙ্কুচিত করবে বলেও দাবি করেন তিনি।
নোবেল বলেন, আবেদন ফরম কেনা সংক্রান্ত খরচ, মোবাইল কোম্পানির চার্জ, ছবি তোলা, অনলাইনে সরবরাহকৃত প্রবেশ পত্র সংগ্রহের জন্য ভর্তিচ্ছু প্রতিজনের খরচ ৬৫০ টাকায় দাঁড়ায়।
ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে মিছিল-সমাবেশ, অভিভাবক সংহতি সমাবেশ করার পাশাপাশি উপাচার্যকে স্মারকলিপি দেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রবাল মজুমদার , ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল সামির, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
