বিনা নোটিশে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
কোন নোটিশ ছাড়াই নারায়ণগঞ্জে একটি সোয়েটার কারখানা বন্ধ করে দেয়ায় বিকেএমই’র প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার সকালে শহরের চাষাঢ়ায় অবস্থিত ফুজি নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা এ প্রতিবাদ সমাবেশ করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিক ছাঁটাইয়ের জেরে সৃষ্ট শ্রমিক অসন্তোষের কারণে মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে। এ কারণে শ্রমিকরা বিকেএমইএ এর কার্যালয়ের সামনে সমাবেশ করেছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, কারখানাটির প্রায় ১২শ’ শ্রমিক সকালে কাজে আসলে নিরাপত্তা প্রহরীরা তাদেরকে কারখানায় প্রবেশে বাধা দেয়।
শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধ না করেই মালিক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
তাদের দাবি দ্রুত কারখাটি খুলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। তা নাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুমকি দেন শ্রমিকরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা গার্মেন্ট শ্রমিক সংহতির আহ্বায়ক অঞ্জন দাস, মহানগর গার্মেন্ট শ্রমিক সংহতির আহবায়ক মাসুম সিকদারসহ অন্যান্য শ্রমিক নেতারা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
