‘সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় দাতারা’
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জাতিসংঘ ও বিভিন্ন দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা করছেন তারা।
দশম সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সহায়তা নিয়ে মঙ্গলবার কমিশনের সম্মেলন কক্ষে ১২টি দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এই মত বিনিময়ে অংশ নেন কমিশনের সদস্যরা।
প্রায় দেড় ঘণ্টার এই বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার জানান, বাংলাদেশকে নির্বাচন আয়োজনে বিভিন্নভাবে সহায়তা দিয়ে থাকে এমন দেশ ও দাতা সংস্থাগুলোকে নিয়েই এ মতবিনিময়ের আয়োজন করে ইসি।
“আমরা এখানে এসেছি জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে। সুষ্ঠু নির্বাচনই আমাদের পারস্পরিক প্রত্যাশা। সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা মত বিনিময় করেছি।”
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, স্বচ্ছ ব্যালট বাক্সসহ কারিগরি ও নির্বাচনী উপকরণ নিয়ে দাতা দেশগুলোর সহায়তা নিয়ে থাকে ইসি। সংসদ নির্বাচন সামনে রেখে এসব বিষয় নিয়েই বৈঠকে কথা হয়েছে।
“ইসির সঙ্গে ইউএনডিপির প্রকল্প রয়েছে। তাদের এ প্রকল্পে এসব দাতাদেশ জড়িত রয়েছে। এবার নির্বাচন সামনে রেখে নির্ধারিত সময়ে অতিরিক্ত স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি সরবরাহ, কিছু ভিডিও ক্যামেরা সরবরাহের জন্য দাতাদের সহায়তা চেয়েছে ইসি।”
নির্বাচন নিয়ে দাতাদের অবস্থান জানতে চাইলে সিইসি বলেন, “আমাদের লক্ষ্য সবার অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তা আয়োজনে আমরা বদ্ধপরিকর। দাতা দেশগুলোও সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা তাদের সঙ্গে একমত।”
আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ইসির সার্বিক প্রস্তুতির কথা দাতা দেশগুলোর কাছে তুলে ধরা হয়েছে বলেও সিইসি জানান।
জাতিসংঘ প্রতিনিধি ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, নরওয়ে, হল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইইউ, ইউএসএআইডি, ডিএফআইডির প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন।
সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা।
সংবিধান অনুযায়ী, চলতি বছরের শেষভাগে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, যা নিয়ে বিরোধী দলের আপত্তি।
বিরোধী দলীয় নেতাকে আগে সংলাপের জন্য ডাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন সংবিধান থেকে তার সরকার ‘এক চুলও’ নড়বে না। অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পরদিন এক অনুষ্ঠানে বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন তার দল মানবে না।
দেশের দুই প্রধান রাজনৈতিক দলের এই মুখোমুখী অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে সমঝোতা ও সংলাপের তাগিদ দেয়া হচ্ছে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নিজেও টেলিফোনে দুই নেত্রীর সঙ্গে নির্বাচনের বিষয়ে কথা বলেছেন।
