পানিতে ডুবে যুবকের মৃত্যু
সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মীর ইমরান হোসেন শিমুল (৩৬) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর বড় ছেলে।
সোমবার বংশাই নদীতে সাঁতার কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সকালে বংশাই নদীর হাঁটুভাঙ্গা ব্রিজের এক কিলোমিটার দূরে সৈয়দপুলে তার লাশ পাওয়া যায়।
মীর এনায়েত হোসেন মন্টু জানান, চিকিৎসকের পরামর্শে শিমুল এক সপ্তাহ যাবত সকালে বংশাই নদীতে সাঁতার কাটছিলেন। সোমবার সকালেও নিজের গাড়ি নিয়ে সেখানে যান। নদীর তীরে কাপড়, জুতা রেখে সাঁতার কাটতে নামেন।
সাঁতার কাটার এক পর্যায়ে মাঝ নদীতে পানিতে তলিয়ে যান তিনি। এ সময় এক ট্রাক চালকের সহকারী আশপাশের লোকজনকে খবর দেন। জেলে ও দমকল বাহিনীর সদস্যরা জাল ফেলে ও ডুব দিয়ে বেলা এগারটা পর্যন্ত খোঁজাখুজি করেও শিমুলকে উদ্ধার করতে পারেনি। পরে সোয়া এগারটায় ঢাকা থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ চালায়। তারা সফল হয়নি।
মির্জাপুর থানার উপপরিদর্শক নাসির উদ্দিন জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।
