নিজামীর বিরুদ্ধে আরো ৫ সাক্ষীর অন্তর্ভুক্তির আবেদন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর নিজামীর বিরুদ্ধে আরো পাঁচ সাক্ষীর অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আবেদন প্রসিকিউটর মোহাম্মদ আলী।
আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আদেশের বিষয়ে শুনানির দিন করে করে ট্রাইব্যুনাল।
অতিরিক্ত পাঁচ সাক্ষী হলেন- জহুরুল হক, আবু সামা ফকির, আলহাজ তহুরুল আলম মোল্লা, মো. ইউসুফ আলী বিশ্বাস ও শাহজাহান আলী।
এর আগে নিজামীর বিরুদ্ধে ১৭তম সাক্ষী মো. জামাল উদ্দিনের জেরা করা শেষ করেন আসামির আইনজীবী মিজানুল ইসলাম। পরে মঙ্গলবার পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।
সোমবার দেয়া সাক্ষ্যে জামাল উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা গ্রুপের কমান্ডার হিসেবে কাজ করার সময় মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়া অনেক রাজাকার ও আল-বদর সদস্যদের কাছ থেকে তিনি জানতে পারেন যে, পাবনা জেলার বিভিন্ন জায়গায় সংঘটিত অপরাধ নিজামীর পরামর্শে ও নেতৃত্বেই হয়েছে।
মতিউর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে করা এক মামলায় ২০১০ সালের ২৯ জুন তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানো হয়।
