রংপুরে হান্নান শাহের গাড়ি ভাংচুর
রংপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা নিয়ে প্রস্তুতি বৈঠকে ছাত্রদলের হট্টগোলের পর হোটেলে ফেরার পথে দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের গাড়ি ভাংচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাবেক এই সামরিক কর্মকর্তার গাড়ি আটকে ভাংচুর করে।
দলের নেতারা জানান, আগামী ১৫ সেপ্টেম্বর রংপুরে খালেদা জিয়ার জনসভাকে সফল করতে সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন হান্নান শাহ্। রাত ৯টার দিকে বৈঠকে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রদল নেতাদের বৈঠক বয়কট করে।
বৈঠকে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা যুগ্ম-আহ্বায়ক নূর মোহাম্মদ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে আমার বক্তব্য শেষে জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়ন বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্য শেষে হান্নান শাহের অনুমতি না নিয়েই বক্তব্য দেয়ার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান হাবীব প্রান্তর নাম ঘোষণা করেন। এতে আপত্তি জানালে ছাত্রদলের নেতাকর্মীরা হট্টগোল শুরু করে এক পর্যায়ে বৈঠক বয়কট করে চলে যান।”
এবিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভায় একটু উত্তেজনা সৃষ্টি হলেও শান্তিপূর্ণভাবে তা শেষ হয়।
“তবে পথে হান্নান শাহের গাড়ির গ্লাস ভাংচুর হয়েছে বলে শুনেছি। কারা করেছে সেটা জানি না।”
এঘটনায় ক্ষুব্ধ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি দুঃখজনক। এমন আচরণ আশা করিনি।”
