২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষরা পাকিস্তানের পক্ষে: ইনু

দেশের বর্তমান পরিস্থিতিতে ‘নিরপেক্ষতার’ পথ ছাড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 09:48 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

“সামরিকতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের সময়ও দেখেছিলাম, যারা মাঝপথ দিয়ে হেঁটেছেন, তারা সামরিকতন্ত্রের পক্ষে ছিলেন। সুতরাং এখনও বলতে চাই যারা মাঝপথ দিয়ে হাঁটছেন তারা পাকিস্তানের পক্ষে,” সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় বলেছেন তিনি।

জাসদ সভাপতি ইনু বলেন, “মানুষ নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে। আমরাও ঘামাচ্ছি। নির্বাচন নিয়ে আলোচনা চলছে। কিন্তু এর চেয়ে জরুরি নির্বাচেনর পর দেশ কোন দিকে যাবে সেই আলোচনা।”

“হিযবুত তাহরীর বা হেফাজতে ইসলাম ক্ষমতা দখল করলে দেশ অন্ধকারে চলে যাবে। নারী অধিকার ধ্বংস হয়ে যাবে।”

“তাই নির্বাচনের পাশাপাশি জামায়াত-হেফাজত রাজনীতি করতে পারবে কি না, তা নিয়েও আলোচনা করতে হবে। দেশ কি জঙ্গিবাদ-জামায়াত-তেঁতুল হুজুরের দিকে যাবে, না কি অসাম্প্রদায়িকতার দিকে যাবে, সেটা ভাবতে হবে।”

জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইনু। 

১৫ অগাস্ট নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপির বন্ধুরা মন খারাপ করতে পারেন। তবুও বলি আজকে জামায়াত-তেঁতুল হুজুররা বঙ্গবন্ধুকে অস্বীকার করছে, ক্ষমতায় গেলে জিয়াকেও অস্বীকার করবে।”

সভায় ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “এই হেফাজত-জামায়াত বাংলাদেশকে স্বীকার করে না। এরা ধর্মের কথা বলে ভেতরে ভেতরে যে কী পরিমাণ অপকর্ম করছে, তা সবাইকে বুঝতে হবে।”