২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া ভ্রাম্যমাণ আদালতের সবাইকে রিমান্ডে

রাজধানীর খিলগাঁওয়ে ভুয়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের সঙ্গে জড়িত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

আসামিরা হলেন- ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী ওয়াহিদুজ্জামান, ভুয়া সাংবাদিক সাইফুল ইসলাম, মো. মাহমুদুল হাসান, নজরুল ইসলাম ও বুলবুল আহমেদ।

এই পাঁচজনকে শনিবার গ্রেপ্তারের পর সোমবার ঢাকার হাকিম আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতে চেয়ে আবেদন করেন খিলগাঁও থানার পরিদর্শক শেখ গণি মিয়া।

সেই আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম ইমদাদুল হক প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।

শনিবার রাতে র‌্যাব খিলগাঁও থেকে নগদ সাত হাজার টাকা, একটি জিপ গাড়ি, মোটরসাইকেল ও ভিডিও ক্যামেরাসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।

তারা ভ্রাম্যমাণ আদালতের নামে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করছিলেন। এক পাম্প মালিকের সন্দেহ হলে তিনি র‌্যাবকে জানালে ওই ব্যক্তিরা ধরা পড়েন।

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁদাবাজির অভিযোগে মিরপুর মডেল থানার একজন উপ-পরিদর্শকসহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে।

সোমবার সকালে মিরপুরের ৪২৪ উত্তর কাজিপাড়ার মো. নুরুল আলম মানিক এই মামলা করেন।

মহানগর হাকিম হাসিবুল হক অভিযোগ গ্রহণ করে সংশ্লিষ্ট এলাকার পুলিশের উপকমিশনারকে তা তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামি করা হয়েছে উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জিয়া, কনস্টেবল মো. কামরুল, মো. শাহাদাত হোসেন ও মো. মনির হোসেনকে।

নুরুল আলমের অভিযোগ, গত ২৮ জুলাই সকালে ওই পুলিশ সদস্যরা সাদা পোশাকে এসে তাকেসহ কয়েকজনকে মাইক্রোবাসে তুলে মিরপুর থানায় আটকে রাখে।

“আমাদের একটা মিথ্যা বায়নানামা দলিলে সাক্ষী হতে চাপ সৃষ্টি করা হয়। রাজি না হলে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আমাদের কাছে।”

নুরুল আমিন অভিযোগ করেন, তাদের সবার কাছ থেকে ১ লাখ ৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তিনশ’ টাকা দামের নন জুডিশিয়াল অলিখিত স্ট্যাম্পে সই নিয়ে সন্ধ্যায় তাদের ছেড়ে দেয়া হয়।