ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি
শোক মিছিল, শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে দিনাজপুরে ‘ফুলবাড়ী দিবস’ পালিত হয়েছে।
শ্রদ্ধা নিবেদন ও শোক মিছিল শেষে সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ীর নিমতলা মোড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ফুলবাড়ী চুক্তির ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ঘটনার ৭ বছরেও ফুলবাড়ীর জনগণের প্রতিরোধ চেতনায় কোন ভাটা পড়েনি। ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির অফিস দ্রুত প্রত্যাহার না করলে ফুলবাড়ীর জনগণ সেটি দখলে নিবে।”
“২০০৬ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা হিসাবে শেখ হাসিনা চুক্তি সমর্থন করে ফুলবাড়ীর জনসভায় ঘোষণা দিয়েছিলেন, তারা ক্ষমতায় গেলে ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবেন।”
কিন্তু দায়িত্ব নিয়ে এখন ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন না করে পরোক্ষভাবে এশিয়া এনর্জিকে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
২০০৬ সালের ২৬ অগাস্ট দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন সিদ্ধান্ত বাতিল এবং যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির মিছিলে আইন-শৃঙ্খলা বাহিনী গুলি চালালে আল-আমিন, সালেকীন ও তরিকুল নিহত এবং প্রায় দুই’শ মানুষ আহত হয়।
দিবসটি স্মরণে সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ী শহরের দোকান ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা।
শহরের নিরাপত্তায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল। এছাড়া ফুলবাড়িতে অবস্থিত এশিয়া এনার্জির দুটি স্থাপনায় দাঙ্গা পুলিশ মোতোয়েন রাখা হয়।
সমাবেশে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ২০০৬ সালেই ফুলবাড়ীর মাটিতে এশিয়া এনার্জির কবর রচনা হয়েছে। তালাবদ্ধ অফিস আর কোন দিন খুলতে দেয়া হবে না।
জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, গণসংহতির জোনায়েদ সাকী, সিপিবির রুহীন হোসেন প্রিন্স, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, মো. নুরুজ্জামান জামান প্রমুখ।
ফুলবাড়ী চুক্তির ৬ দফা দাবির মধ্যে রয়েছে- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার, দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না, নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান, নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ, গুলি বর্ষণকারীদের শাস্তি এবং আন্দোলনকারী জনগণের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার।
নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান ও মামলা প্রত্যাহার হলেও অন্য দাবিগুলোর বাস্তবায়ন হয়নি।
