ঝিনাইদহে পুলিশের মোটরসাইকেল পোড়ানোর মামলা
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় একটি স্কুলের ছাত্র ও শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহিদুল ইসলাম বাদী হয়ে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করেন।
এতে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, আহত করা ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলায় উপজেলার ভাটই হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়াসহ ২১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয়সহ দেড়শ’ জনকে আসামি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, রোববার শৈলকুপা সরকারি কলেজ মাঠে কাতলাগারি হাই স্কুলের সঙ্গে ভাটই হাইস্কুলের ফুটবল খেলা ছিল। খেলা শেষে পূর্ব বিরোধের জের ধরে শৈলকুপা পাইলট স্কুলের ছাত্রদের সঙ্গে ভাটই স্কুলের ছাত্রদের মারামারি হয়।
এরপর ভাটই স্কুলের ছাত্ররা ফিরে এসের স্কুলের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। পুলিশ অবরোধ তুলতে গেলে তারা পুলিশের উপর হামলা করে। ভাটই পুলিশ ক্যাম্প ইনচার্জের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
পুলিশ ১১ রাউন্ড শটগানের গুলি ছুড়ে করে ছাত্রদের ছত্রভঙ্গ করে।
ছাত্রদের সঙ্গে স্থানীয় কিছু লোক যোগ দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে তিন পুলিশ আহত হয় বলেও তিনি জানান।
