৪ ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি সচল
চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে দৌলতদিয়া চ্যানেল মুখে ডুবোচরে একটি ফেরি আটকা পড়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় প্রায় তিন কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া যাওয়ার পথে রো-রো ফেরি কেরামত আলী ২২টি যানবাহন নিয়ে ৩ নম্বর ঘাটের কাছে ডুবোচরে আটকা পড়ে। চার ঘণ্টা পর রাত ৯টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়।
এখন ফেরিগুলো ক্ষমতার অর্ধেক গাড়ি নিয়ে চলছে। ধারণ ক্ষমতার পুরোটা নিয়ে ফেরি চলাচল করতে পারবে কি না, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।
এদিকে নৈশ কোচগুলো বিভিন্ন জেলা থেকে পদ্মা নদী পারাপারের জন্য দৌলতদিয়া ঘাটে আসতে শুরু করায় ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা ক্রমান্বেই দীর্ঘ হচ্ছে।
