হেফাজতের হামলায় নিহত দুই বিজিবি সদস্যের পরিবার পেল দোকান
আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে হেফাজতে ইসলামের হামলায় নিহত দুই বিজিবি সদস্যের পরিবারকে রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের দুটি দোকান বরাদ্দ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
রোববার সকালে বিজিবি মহাপরিচালক তার দপ্তরে নিহত নায়েব সুবেদার শাহ আলমের স্ত্রী এবং সিপাহী লাভলু হোসেনের বাবার কাছে দোকান দুটির চাবি হস্তান্তর করেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৬ মে ২০১৩ এ ঢাকা থেকে কিছু দূরে কাচপুরে হামলায় মারা যান ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েব সুবেদার শাহ আলম এবং সিপাহী লাভলু হোসেন।
এ দুই বিজিবি সদস্যের মৃত্যুর পরপরই বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে দুটি পরিবারকেই ৫ লাখ করে টাকা দেয়া হয়।
পরে বিজিএমইএ-এর পক্ষ থেকে উভয় পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেয়া হয়।
সরকারি বিধি অনুযায়ী নিহতদের পরিবারকে প্রাপ্য আর্থিক ও অন্যান্য সুবিধা দ্রুত দিতেও ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
