২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ‘মাথায় রেখে’ গার্মেন্ট শ্রমিকদের মজুরি নির্ধারণের সুপারিশ

আগামী নির্বাচনের কথা ‘মাথায় রেখে’ তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি একইসঙ্গে বর্তমান বাজার পরিস্থিতিও বিবেচনা করার কথা বলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 08:16 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

গত ৬ জুন সাবেক জেলা জজ অমূল্য কুমার রায়কে প্রধান করে পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের বোর্ড ঘোষণা করে শ্রম ও কর্মসংস্থাণ মন্ত্রণালয়।

এর আগে সর্বশেষ ২০১০ সালের ২৭ জুলাই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করা হয়।

গত তিন বছরে মূল্যস্ফীতির কারণে ওই কাঠামো পর্যালোচনা করার দাবি জানিয়ে আসছিল শ্রমিক সংগঠনগুলো।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও আগের মজুরি কাঠামোই সব কারখানায় ঠিকমতো অনুসরণ করা হয় না বলেও অভিযোগ রয়েছে।

গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে আগুন এবং গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বল্প মজুরির বিষয়টি নতুন করে সামনে চলে আসে।

গত ২৭ জুন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে কারখানার কর্ম পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে শুল্ক বা কোটামুক্ত সুবিধা পাবে না।

সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, “আমরা একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করতে বলেছি। মজুরি ঘোষণা হলো আর সঙ্গে সঙ্গে শ্রমিকরা রাস্তায় নেমে গেল- এমন মজুরির প্রয়োজন নেই, সামনে নির্বাচন।”  

সংসদীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হল-মার্ক ও রানা প্লাজার শ্রমিকদের বকেয়া পাওনা বেতন-ভাতা দ্রুত পরিশোধের পরামর্শ দেয়া হয়। এছাড়া রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবার ও আহতদের ক্ষতিপুরণের পরিমাণ দ্রুত নির্ধারণ ও তা প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে তৈরি পোশাক শিল্পের দুর্ঘটনা রোধে এবং জিএসপি সুবিধা পূনরুদ্ধারে দ্রুত ‘এডহক’ ভিত্তিতে আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে দুইশ’ শ্রমিক পরিদর্শক নিয়োগের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. ইসরাফিল আলমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, ননী গোপাল মন্ডল এবং রওশন জাহান সাথী অংশ নেন।