ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফরিদপুর সদর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুর জুলমত মাতুব্বরের ডাঙ্গি গ্রামে পানিতে ডুবে মারা যায় শাওন (৭) ও ইমন (৫) নামে দুই শিশু।
দুইজনই পূর্ব বিলমাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
শাওনের বাবা শেখ রোকন ফরিদপুর শহরতলির বাখুন্ডা এলাকার শরীফ পাটকলের শ্রমিক এবং ইমনের বাবা শেখ আলমগীর হোসেন রিকশা চালক।
শাওনের বাড়ির পাশের পুকুরে দুজনে গোসল করতে গিয়ে ডুবে যায়। তারা কেউ সাঁতার জানত না।
একঘণ্টা পর গ্রামবাসী তাদের উদ্ধার করে বলে জানান আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক।
তিনি জানান, পরে তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
