আড়াইহাজারে সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এই সংঘর্ষে কয়েকজন টেটাবিদ্ধও হন।
আহতদের মধ্যে চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আখতার মোরশেদ জানান, কড়ইতলা গ্রামের একটি জমি নিয়ে জমির আলী ও তার প্রতিবেশী মজিবুরের মধ্যে বিরোধ চলছিল।
রোববার সকালে মজিবুর ওই জমিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এই নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় দুপক্ষ দেশি অস্ত্রসস্ত্র ব্যবহার করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রয়েছেন সফিউল্লাহ (৩৫), মাহাবুল (৩২), রমিজউদ্দিন (৩৮) ও তোফাজ্জল (৫০)।
