২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, আহত ১২

নগরীর চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি বিদেশি জুতা তৈরির কারখানার পাহাড়ি-বাঙালি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 01:06 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইপিজেড মোড় সংলগ্ন ঝনক প্লাজা নামে একটি বিপণিবিতানের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

চীনা মালিকানাধীন বন সুজ নামক কারখানাটির বাঙালি শ্রমিকদের ছাঁটাইয়ের জেরে সংঘর্ষ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানাটিতে শনিবার সকালে কিছু বাঙালি শ্রমিককে ছাঁটাই করা হয়। এর জেরে কারখানা ছুটির পর রাতে এর পাহাড়ি ও বাঙালি শ্রমিকরা ইপিজেডের বাইরে এসে সংঘর্ষে জড়ায়।

এতে উভয়পক্ষের মোট বারজন আহত হয় বলে জানান তিনি।

শুক্রবারও লাইনে দাঁড়ানো নিয়ে পাহাড়ি-বাঙালি শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটি হয় জানিয়ে তিনি বলেন, বাঙালি শ্রমিকদের অভিযোগ, কারখানার ৯০ শতাংশ শ্রমিকই পাহাড়ি।

বাঙালি শ্রমিক ছাঁটাই করে পাহাড়িদের নিয়োগ দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বন্দর ও ইপিজেড থানা পুলিশ ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানান ইপিজেড থানার ওসি আবুল মনসুর।