২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদককে রোখার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদকাসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তরুণ সমাজকে এ থেকে মুক্ত করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে নারায়ণগঞ্জে এক সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, তরুণসমাজকে মাদক-সন্ত্রাসের হাত থেকে মুক্ত রাখতে অভিভাবক, ইমাম, রাজনীতিবিদ, প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

“সন্ত্রাস-মাদকের হাত থেকে তরুণদের মুক্ত করতে হবে। তারা যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে, কীভাবে তাদের এর হাত রক্ষা করা যায়; তা নিয়ে অভিভাবক, মসজিদের ইমামদের ভূমিকা রাখতে হবে।”

মাদককে রুখে দিতে প্রশাসন ও রাজনীতিবিদদেরও এগিয়ে আসার আহ্বান জানান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, “যারা মাদকের ব্যবসা করে তাদের ধরিয়ে দিন, আমরা শাস্তির ব্যবস্থা করবো। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি চামেলীবাগে নিজের ফ্ল্যাট থেকে পুলিশের এসবির পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমকে খুনের বিষয়েও কথা বলেন।