চবির মূল ফটকের তালা খুলেছে ছাত্রলীগ
দাবির বিষয়ে আলোচনার আশ্বাস পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে লাগানো তালা দুই ঘণ্টা পর খুলে দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
শনিবার বিকাল পৌনে ৪টা দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের উপস্থিতিতে খুলে দেয় চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর অনুসারীরা।
বিশ্ববিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে তারা তালা খুলে দিয়েছে।
তালা লাগানোর পর উপাচার্যের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সৌরেন বিশ্বাস ও শিক্ষক সমিতি সভাপতি আলী আশরাফ। তাদের সঙ্গে আলোচনার পর তালা খুলে দেয়া হয়।
শিবিরের সঙ্গে প্রশাসনের আঁতাতের অভিযোগ শনিবার পৌনে দুইটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা তালা দেয়।
এবিষয়ে চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা তুহিনের ওপর হামলাকারী শিবির ক্যাডারদের গ্রেপ্তার ও বিচার, দেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং চবির বর্তমান প্রশাসনের সঙ্গে শিবিরের আঁতাত বন্ধ করার দাবিতে ফটকে তালা লাগানো হয়েছে।
ফটকে তালা দেয়ার পর চবি উপাচার্যকে মূল ফটকে আসার দাবি জানায় ছাত্রলীগ নেতাকর্মীরা।
ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর দিনই ফটকে তালা দেয়া হয়।
শিবিরের সংঙ্গে আঁতাতের অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা কল্পনাপ্রসূত দাবি। প্রশাসনিক কাজে সবাই আমার কাছে আসে।”
ছাত্রলীগ তাদের আর্দশিক দায়িত্ব পালন না করে কাল্পনিক অভিযোগ তুলছে বলে দাবি করেন তিনি।
