চট্টগ্রামে কারখানায় আগুনে আহত ৩
চট্টগ্রাম নগরীতে একটি আঠা তৈরির কারখানায় আগুন লেগে তিন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার সকালে চান্দগাঁ থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ড হয়।
আহত নান্টু দাশ (২২), মৃদুল দে (৩৮) ও রণধীর মল্লিককে (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
রাসায়নিক মিশ্রণ তৈরির সময় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক জসিম উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে কারখানাটির দুই তলা ভবনের নীচ তলায় বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে তিন শ্রমিক আহত হয়।
প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
