সীতাকুণ্ডে ৪ শিবিরকর্মী গ্রেপ্তার
সহিংসতায় জড়িত অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মো. আনোয়ার হোসেন (২৬), নূর উদ্দিন (২৭), আফসার (৩২) ও নূরুল হুদা (২৮)।
শুক্রবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম জানান।
তিনি বলেন, গ্রেপ্তার চারজন ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী। তারা বিভিন্ন সময়ে জামায়াত-শিবিরের সহিংসতায় জড়িত ছিলেন।
বৃহস্পতিবার রাতে মুখোশ পরা কিছু দুর্বৃত্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়াজি পাড়া এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করার পর এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।
এদিকে ডাকাতির প্রস্তুতি নেয়ার অভিযোগে মো. মহিউদ্দিন ওরফে শাহীন (২৪) ও মো. সোহেল (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সীতাকুণ্ড থানার এসআই সত্যরঞ্জন জানিয়েছেন।
