২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে আকিজের তামাক কারখানায় আগুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আকিজ গ্রুপের একটি তামাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 12:06 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার গোলড়া এলাকায় এঘটনা ঘটে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপক কর্মীরা।

ফায়ার সার্ভিসের মানিকগঞ্জের স্টেশন অফিসার সুভাষ চন্দ্র বাড়ৈ জানিয়েছেন, এঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আকিজ ট্যোবাকো লিমিটেডের সাতটি তামাকের গুদামের মধ্যে পাঁচ নম্বর গুদামে আগুনের সূত্রপাত হয়। এর পর পাশের এক, দুই, তিন ও চার নম্বর গুদামেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

সুভাষ চন্দ্র বাড়ৈ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানিকগঞ্জ, ঘিওর, ঢাকা, ধামরাই, সাভার ও আশুলিয়ার ছয়টি অগ্নিনির্বাপন ইউনিটের চেষ্টায় শুক্রবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ওই কারখানার শিফট ইনচার্জ মো. আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তামাক প্রক্রিয়াজাত করে সরবরাহের জন্য গুদামগুলোতে রাখা হতো।

তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তিনিও কোনো ধারণা দিতে পারেননি।