নেত্রকোনায় স্কুলছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনার দুর্গাপুরে চকলেঙ্গুড়া গ্রামের স্কুলছাত্র ইমন আহাম্মদকে (৬) অপহরণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শোকমিছিল করেছে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকেরা।
বৃহস্পতিবার দুপুরে শোকমিছিলটি দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।
এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, দুর্গাপুর প্রেস ক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. দিলদার হোসেন খান, নলুয়াপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রমুখ।
পরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি দেয়া হয়।
দুর্গাপুর থানার ওসি আলমগীর হোসাইন জানান, ১৯ অগাস্ট ইমন অপহরণ হওয়ার পর একই গ্রামের সাইদুল ইসলাম, আল্-আমিন, আব্দর রাশিদ মোবাইল ফোনের মাধ্যমে ইমনের পবিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ইমন প্রবাসী বাদল আহাম্মদের ছেলে।
“পরে অপহরণকারীরা ইমনকে শ্বাসরোধে হত্যার পর মেঘালয় সীমান্তে ১১৬০ নম্বর পিলারের কাছে ফেলে রেখে যায়।”
এ ব্যাপারে দুর্গাপুর থানায় মামলা হলে পুলিশ চকলেঙ্গুড়া গ্রামের সাইদুল ইসলাম (২৪), আল-আমিন (২৭), আব্দুর রাশিদ (৪৪), দেবথৈল গ্রামের শামছুদ্দিন (৫৫), শালেমা বেগম (৩৮) ও রফিকুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে।
