সিরাজগঞ্জে পোশাককর্মীর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার দুইদিন পর সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বর্ষমূল এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আজিম উদ্দিন (২২) সদর উপজেলার বারাকান্দি গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পরিবারের বরাত দিয়ে সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, মঙ্গলবার ফোনে এক বন্ধুর সঙ্গে কথা বলে সিরাজগঞ্জ আসেন আজিম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
