সরকার গণতন্ত্র হত্যার চেষ্টায়: ফখরুল
সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গণতন্ত্রকে হত্যা করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চাচ্ছে।”
সরকার নির্দলীয় সরকার ব্যবস্থাকে ‘সংখ্যাগরিষ্ঠতার জোরে’ পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ‘পাঁয়তারা’ করছে বলেও অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে কোনো চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে তারা ‘প্রতিরোধ’ করবেন।
নয়া পল্টনে হোটেল ভিক্টোরির হলরুমে বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় পর্যায়ের ৭৫ জন নেতা এতে অংশ নিচ্ছেন।
২০১১ সালের ১৬ অক্টোবর থেকে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাদের নিয়ে এ ধরনের রাজনৈতিক প্রশিক্ষণের কার্যক্রম শুরু করে বিএনপি।
কর্মশালা কার্যক্রম পরিচালনা করেন দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান ও কবীর মুরাদ।
দেশের বর্তমান অবস্থাকে ‘ক্রান্তিকাল’ অভিহিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘‘দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা চলছে। এ অবস্থার উত্তরণে বিএনপিকে ভূমিকা রাখতে হবে।’’
একবিংশ শতাব্দির ‘চ্যালেঞ্জ মোকাবিলায়’ বিএনপিকে প্রস্তুত করার লক্ষ্যে নেতা-কর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
ফখরুল বলেন, ‘‘জিয়াউর রহমান নেতাদের প্রশিক্ষণের জন্য স্কুল খুলেছিলেন। তার মৃত্যুর পর বিএনপিকে বার বার ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে। সেজন্য দলের সোজা হয়ে দাঁড়ানোর এই প্রশিক্ষণ কার্যক্রম দীর্ঘদিন হয়নি।
“১/১১ এর পর দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে এই কর্মসূচি আবার শুরু হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, ‘‘দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ, পূঁজিবাদ, মানবাধিকার, ধর্মীয় দর্শন, বিশ্বায়ন, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক নেতাদের ধারণা থাকা প্রয়োজন।”
বাংলাদেশের সবচেয়ে ‘বড় অর্জন’ মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি মহল ‘বিকৃত’ করেছে বলেও তিনি মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য দেন।
কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব উপস্থিত ছিলেন।
বিকালের পর্বে দলের স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান সমসমায়িক রাজনীতি, জাতীয়তাবাদ, সংবিধান, জিয়াউর রহমানের ১৯ দফাসহ বিভিন্ন বিষয়ে কর্মঅধিবেশন পরিচালনা করেন।
দিনব্যাপী কর্মশালা শেষে বিকালে প্রশিক্ষণার্থীরা একটি পরীক্ষায় অংশ নেন।
