২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলেই ছুরিকাঘাতে প্রাণ গেল সুমনের

গাজীপুরের শ্রীপুর উপজেলার ত্রিমোহনী বিডি উচ্চ বিদ্যালয়ে সহপাঠীর ছুরিকাঘাতে দশম শ্রেণির এক ছাত্র মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 08:12 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় আরো দুজন আহত হন।

নিহত সুমন মিয়া (১৪) বরকুল গ্রামের আবুল কালামের ছেলে।

এতে জড়িত থাকার অভিযোগে সুমনের সহপাঠী সাগরকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পূর্ব বিরোধের জের ধরে সুমনের ওপর ক্ষিপ্ত ছিল সাগর। দুপুরে তুষার মিয়া নামের আরেকজন ছাত্রের সঙ্গে নামাজ পড়তে যাওয়ার সময় সুমনকে এলোপাথাড়ি কোপাতে থাকে সাগর।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজীজ হায়দার ভুঁইয়া জানান, আহত সুমনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

সুমনকে বাঁচাতে এসে আহত তার অপর দুই সহপাঠীকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ক্ষুব্ধ এলাকাবাসী সাগরকে ধরে গণপিটুনি দেয়ার সময় বেলা তিনটার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।

শ্রীপুর থানার ওসি আমির হোসেন বলেন, উদ্ধারের সময় গ্রামবাসীর লাঠির আঘাতে তিনিসহ শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজীজ হায়দার ভুঁইয়া, শ্রীপুর থানার সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান এবং উপ-পরিদর্শক রোকন ইসলাম (৩৫) আহত হন।

সাগরের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। সে নান্দিয়াসাঙ্গুণ গ্রামে তার নানাবাড়িতে থেকে ওই বিদ্যালয়ে পড়াশুনা করত।

এ ঘটনার পর বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

লাশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।