২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী কর কমিশনারের বিরুদ্ধে ফের মামলা

রাজশাহীর কর কমিশনারের বিরুদ্ধে মামলা করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 08:10 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান বি কে দাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির এ মামলাটি করেন।

এর আগে গত ৪ অগাস্ট ঘুষের টাকা না পেয়ে করদাতার অজ্ঞাতে ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের অভিযোগে রাজশাহী কর অঞ্চলের কমিশনারসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন বি কে দামের ছেলে ডা. অভিজিৎ দাম। সেই মামলাটি দুদক তদন্ত করছে।

বুধবারের মামলায় বি কে দাম অভিযোগ করেন, তিনি গত অর্থ বছরে দুই লাখ ৯৭ হাজার ৫৮০ টাকা কর দিয়েছেন। তিনি কোনো কর খেলাপি নন। কিন্তু রাজশাহী কর অঞ্চলের কমিশনার আ. জা. মু জিয়াউল হক গত ৫ অগাস্ট সংবাদ সম্মেলন করে তার কাছে কালো টাকা আছে বলে মিথ্যা অভিযোগ করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মাসুদ রানা বলেন, গত ৫ অগাস্ট কর কমিশনার সংবাদ সম্মেলন করে বক্তব্য দেয়ার পর ৭ অগাস্ট বক্তব্য প্রত্যাহারের জন্য লিগ্যাল নোটিশ দেয়া হয়।

কিন্তু তারপরেও কর কমিশনার তার বক্তব্য প্রত্যাহার না করায় চিকিৎসক বি কে দাম মানহানির এ মামলাটি দায়ের করেন।