মোরগ-পোলাও খেয়ে অসুস্থ ৫০
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোরগ-পোলাও খেয়ে শিশু ও নারীসহ অর্ধশতাধিক অসুস্থ হয়েছে।
মঙ্গলবার ওয়ার্ল্ডভিশনের ফুলবাড়িয়া এডিপি কার্যালয়ে এক অনুষ্ঠানে স্থানীয় একটি হোটেল থেকে এ খাবার আনা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
বুধবার দুপুর পর্যন্ত ৪৩ জনকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আক্রান্তদের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার এডিপি ফুলবাড়িয়া কার্যালয়ে মা-শিশু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে দুপুরের প্যাকেট খাবার হিসাবে মোরগ পোলাও ও ডিম পরিবেশন করা হয়।
এ খাবার খেয়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন অসুস্থ হয়।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাইজুল ইসলাম জানান, এরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওয়ার্ল্ডভিশনের ফুলবাড়িয়া এডিপি ম্যানেজার ইউনুস সাংমা জানান, অনুষ্ঠানের জন্য স্থানীয় একটি হোটেল থেকে প্রায় দুইশ’ প্যাকেট খাবার আনা হয়। ওই খাবার খেয়ে এই অবস্থা।
