রোকেয়ায় উপাচার্য অবরুদ্ধ
চাকরি স্থায়ী করার দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুর উন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরি স্থায়ী করার এখতিয়ার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। বিষয়টি নিয়ে ইউজিসি ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলছি।
“আরও কিছুদিন সময় দেয়ার কথা বলায় বিক্ষুব্ধ হয়ে শিক্ষক-কর্মচারিরা বাইরে বেরিয়ে আমার কক্ষে তালা ঝুলিয়ে দেয়।”
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, বেলা সাড়ে ৫টায় উপাচার্যকে বের করে পুলিশ পাহারায় বাসভবনে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে চাকরি হারানো ৩৩৩ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বেলা ৩টায় উপাচার্যের সঙ্গে তার কক্ষে বৈঠকে বসেন।
সংগঠনটির মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, উপাচার্য দাবির সঙ্গে ঐকমত্য পোষণ করলেও আরো কিছুদিন সময় চান।
“ফলে আন্দোলনকারীরা বাইরে বেরিয়ে এসে উপাচার্যের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে উপাচার্যকে ভেতরে রেখে তার কক্ষে এবং প্রশাসনিক ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়।”
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল জানিয়েছেন, পদ না তৈরি করে এবং ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে এদেরকে ছয় মাস মেয়াদে নিয়োগ দিয়েছিলেন সাবেক উপাচার্য ড. আব্দুল জলিল মিয়া। গত ৩০ জুন তাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়।
