ঢাকা-আখাউড়ায় নতুন ট্রেন
ঢাকা-কুমিল্লা-আখাউড়া রেল পথে নতুন একটি ডেমু ট্রেন চালু করা হয়েছে।
মঙ্গলবার বিকালে আখাউড়া রেল জংশন স্টেশন চত্বরে ট্রেনটির উদ্বোধন করেন রেল মন্ত্রী মুজিবুল হক।
এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে রেলে একটিও নতুন ইঞ্জিন আমদানি করা হয়নি বরং তারা রেলের ২০ কোটি টাকার সম্পদ নষ্ট করেছে।
“সেই সময়ে ১০০টি স্টেশন বন্ধ হয়ে যায়। আর বর্তমান সরকার ক্ষমতায় এসে রেলের ৪৮টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী চায় মানুষ যেন ভালোভাবে রেলের সেবা পায়।”
উদ্বোধন অনুষ্ঠানে রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবুল কালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য শাহ আলম, নারী সাংসদ জোবেদা খাতুন পারুল, রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক তোফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া প্রেস ক্লাবের আহ্বায়ক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্ত্রী এ সময় ঢাকা-সিলেট পথে চলাচলকারি ‘কালনী এক্সপ্রেস’ ও ঢাকা-চট্টগ্রাম পথের ‘চট্ট্রলা এক্সপ্রেস’ এর আখাউড়ায় যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন।
