কক্সবাজারে পাহাড় কাটায় মামলা হবে
কক্সবাজারে পাহাড় কাটার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলমের উপস্থিতিতে এক শুনানি শেষে এ কথা জানানো হয়।
সম্প্রতি এক্সেভেটর দিয়ে কক্সবাজারে ব্যাপকহারে পাহাড় কাটা শুরু করে একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশের পর সিটি কলেজ প্রাঙ্গণের পাহাড় কাটা বন্ধ করে মামলা দায়ের করা হয়।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ে উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, কক্সবাজার শহরের বিভিন্ন স্পটে পরিদর্শন করে তিনি পাহাড় কাটার সত্যতা পেয়েছেন।
কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়া, মহাজের পাড়া, কলাতলী, পাহাড়তলী, ঘোনারপাড়া, আদর্শ গ্রাম, বৈদ্যঘোনা, সিটি কলেজ প্রাঙ্গণ, পিএমখালী এলাকায় বিচ্ছিন্নভাবে চলছে এ পাহাড় কাটা।
পাহাড় কাটার কারণে হিলটপ সার্কিট হাউজ, আবহাওয়া অধিদপ্তরের রাডার স্টেশন, লাইট হাউজ এলাকায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বনবিভাগসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এ শুনানি শেষে অভিযুক্ত ৭১ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেন বিভাগীয় পরিচালক।
চট্টগ্রাম পরিবেশ আদালতে ২/৩ দিনের মধ্যে এ মামলা দায়েরের পর অভিযুক্তদের নাম জানানো হবে বলে জানান উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম।
