২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যক্ষের অপসারণ চেয়ে রাজশাহীতে বিক্ষোভ

অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার সকালে অধ্যক্ষ কবিরুল ইসলাম ও উপধ্যক্ষ সানাউল্লাহ শেখ এর কার্যালয়ে তালা মেরে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে তালা খুলে তাদের মুক্ত করে।

দ্বাদশ শ্রেণির ছাত্র মমিনুল ইসলাম দিনার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই এখানে অরাজকতা চলছে। নিয়মিত ক্লাস হয় না, শিক্ষকরা নিয়মিত ক্লাসে আসেন না।

প্রতিষ্ঠানের উন্নয়ন ফি দেয় শিক্ষার্থীরা, কিন্তু কোন উন্নয়ন নাই। এ কারণেই শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে বলে জানান দিনার।

কলেজ অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নেয়া হয়েছে। ইতোমধ্যে সময় মতো কলেজে উপস্থিত ও নিয়মিত ক্লাস নেয়ার জন্য শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন,  শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।