সাগরে লঘুচাপ, ৩ নম্বর সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের তিন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে অবস্থিত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে এসে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রবল মৌসুমী বায়ু সক্রিয় থাকায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা অথবা ঝড়োহাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
