চুয়াডাঙ্গায় গৃহবধূ হত্যা, শ্বশুর গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে যশোর সদর হাসপাতালে মারা যান গৃহবধূ রূপালি খাতুন (১৮)।
তিনি উপজেলার শাখারিয়া গ্রামের সুমনের (২৭) স্ত্রী। ঘটনার পর থেকে সুমন ও তার মা ফরিদা বেগম (৪৫) পলাতক।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে রূপালির শ্বশুর আব্দুল আজিজ ওরফে তেতুলকে (৫২) আটক করেছে।
রূপালির বাবা বাচ্চু প্রধান বাদী হয়ে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে জীবননগর থানার ওসি রকিব খান জানান, রোববার সন্ধ্যায় যৌতুকের দাবিতে রূপালিকে পিটিয়ে গুরুতর জখম করে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি।
খবর পেয়ে রূপালির বাবা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টার দিকে মারা যায় রূপালি।
ওসি আরো জানান, সুমন ও তার মাকে আটকের চেষ্টা চলছে।
