ভোলায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪০
ভোলার দৌলতখান উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সেমর্থকদের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ সময় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
দৌলতখান উপজেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান অভিযোগ করেন, সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের করার প্রস্তুতি নিচ্ছিল দলীয় নেতাকর্মীরা।
এ সময় হঠাৎ করেই আওয়ামী লীগ একটি মিছিল বের করে বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। এ সময় প্রতিরোধ করার চেষ্টা করে বিএনপিকর্মীরা।
উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা মান্নান।
দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আরাফাত জানান, সংঘর্ষের পর হাসান (১৯), শহিদুল (৪০), শহিদুল ইসলাম (৪২), শাহ আলম (২৫), মাহাবুব (৩৫), হাসান (২০) সুমনকে (১৮) হাসপাতাল ভর্তি করা হয়েছে। এরা সবাই নিজেদেরকে আওয়ামী লীগ কর্মী বলে দাবি করেছে।
এ ছাড়া সাংবাদিক মামুন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোবহান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজ, কনস্টেবল শহিদসহ অন্তত ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে জানান চিকিৎসক।
এদিকে ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নিত্যরঞ্জন চৌধুরী জানান, দৌলতখানের ঘটনায় তার হাসপাতালে ১৩ জনকে ভর্তি করা হয়েছে।
এরা হচ্ছেন- লিটন (৩০), সুমন (২৫), বিল্লাল (৩০), জুয়েল (৩৫), বাচ্চু (৩২), সুমন (১৮), বশির (৪০), আবুল হাসেম (৫০), তোফাজ্জল (৫২), আব্দুল মালেক (২৬), মহিউদ্দিন (২২) ও নাঈম (২১) । এরা সবাই নিজেদের বিএনপিকর্মী বলে দাবি করেছে।
দৌলতখান থানার ওসি মজিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
এ ব্যাপারে জানতে দৌলতখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাছির খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
