মানিকগঞ্জে পরিবেশ দূষণে ৩ প্রতিষ্ঠানের জরিমানা
পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে মানিকগঞ্জে তিনটি কারখানার জরিমানা হয়েছে।
এগুলো হলো- মানিকগঞ্জের জাগীর এলাকায় অবস্থিত কীটনাশক প্রস্তুত কারখানা বাংলাদেশ এগ্রিক্যালচারাল ইন্ডাস্ট্রিজ, করবেল ইন্টারন্যাশনাল লিমিটেড ও হরিরামপুর উপজেলার কোকরহাটি গ্রামের মা বাবার দোয়া নামের একটি কাঠচেরাই কারখানা।
রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক আলমগীর হোসেন কারখানাগুলোকে সাত লাখ টাকা জরিমানা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ইটিপি বন্ধ রাখায় বাংলাদেশ এগ্রিক্যালচারাল ইন্ডাস্ট্রিজকে তিন লাখ টাকা, পরিবেশ ছাড়পত্র না থাকায় করবেল ইন্টারন্যাশনালকে দুই লাখ টাকা এবং আবাসিক এলাকা হওয়ায় মা-বাবার দোয়া কারখানাকে দুলাখ টাকা জরিমানা করা হয়।
