২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বিএনপি এবং নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতের আন্দোলনের মধ্যেই সাংবাদিকদের সামনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

Image
টিভি ফটো

টিভি ফটো

এর আগে সর্বশেষ গত ৩ মে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি বলেন,  নির্বাচনের সময় সর্বদলীয় মন্ত্রিসভা করার বিষয়ে বিরোধী দলের সঙ্গে ‘সমঝোতায়’ তার আপত্তি নেই, তবে নির্বাচন হতে হবে ‘গণতান্ত্রিক পদ্ধতিতেই’।

এর মধ্যে দিয়ে কার্যত তিনি বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আবারো নাকচ করে দেন।

বিরোধী দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গের পাশাপাশি ওই সংবাদ সম্মেলনের একটি বড় অংশজুড়ে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।   

তিনি ইতোমধ্যে সংসদে জানিয়েছেন, চলতি নবম সংসদ চলবে ২৫ অক্টোবর পর্যন্ত হবে। এরপর সংবিধান মেনে বর্তমান সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে।

অন্যদিকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার বলেছেন, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি তাতে যাবে না।

আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে শনিবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্ষদ স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা। একই বিষয়ে রোববার রাতে ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গেও তিনি বসছেন।

এদিকে নির্বাচন কমিশনের শর্ত ভঙ্গ করায় হাই কোর্ট সম্প্রতি বিএনপির প্রধান শরিক জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। এর প্রতিবাদে হরতালও করেছে দলটি।