২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার তন্মকে দেখতে গিয়ে শিবিরকর্মী আটক

হামলায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগ নেতা ও ব্লগার তন্ময় আহমেদ মুনের খোঁজ নিতে গিয়ে আটক হয়েছেন এক ছাত্র শিবিরকর্মী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:22 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

আটক রায়হানুল ইসলাম রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

গত ৮ অগাস্ট গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং শেষবর্ষের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক তন্ময় আহমেদ মুন। তিনি বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক রায়হান রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র এবং ছাত্র শিবিরকর্মী। সে ডা. পিন্নু ছাত্রাবাসের আবাসিক ছাত্র।”

হাসপাতালের ১৪ নম্বর সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ব্লগার মুন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ৩টা ৪৫ মিনিটে এপ্রোণ পরা এক তরুণ এসে আমার খোঁজখবর নেয়া শুরু করেন। তার কথা ও চালচলনে সন্দেহ হলে পরিচয় জানতে চাই।”

“এ সময় তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আমার স্বজনরা তাকে আটক করে।”

পরে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়, বলেন তিনি।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি রহস্যজনক। আটক শিবিরকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   

এ ঘটনার পর তন্ময়ের কাছে দুজন পুলিশ নিয়োগ দেয়া হয়েছে বলে জানান ওসি।

তন্ময় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।