ছাত্রলীগ নেতার পিটুনিতে আহত প্রতিবন্ধী যুবকের মৃত্যু
সাভারে ছাত্রলীগ নেতার পিটুনিতে আহত শারীরিক প্রতিবন্ধী যুবক শামীম হোসেন ফকির মারা গেছেন।
পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২৫ বছর বয়সী এই যুবকের।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ
গত মঙ্গলবার রাতে মোবাইল ফোনের দোকানে আগে টাকা লোড করা নিয়ে কথা কাটাকাটির জেরে শামীমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে সাভার থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন (৩৫) ও তার সহযোগীরা।
শামীম ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার মৃত ফারুক হোসেন ফকিরের ছেলে। জন্ম থেকে তার শরীরের ডান দিক বাঁকা।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ফয়সল ও যুগ্ম আহ্বায়ক মো. জনিসহ অজ্ঞাত পরিচয়ের আরো ২/৩ জনকে আসামি করে একটি মামলা করেন শামীমের মা বিউটি হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে সাভার বাজার রোডে উৎসব প্লাজার সামনে একটি দোকানে মোবাইলে টাকা ভরাকে কেন্দ্র করে শামীমের সঙ্গে ছাত্রলীগ নেতা ফয়সালের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে ফয়সাল ও তার সহযোগী জনিসহ আরো কয়েকজন মিলে শামীমকে এলোপাতাড়ি মারধর ও রড দিয়ে পিটিয়ে জখম করে।
এ সময় সঙ্গে থাকা রাজীব মোল্লা শামীমকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও কিল-ঘুষি মারতে থাকে। তখন রাজীব দৌড়ে পালিয়ে যায়।
ওই ছাত্রলীগ নেতারা শামীমের পকেটে থাকা ৫ হাজার টাকা ও গলায় থাকা একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়ে গেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে পথচারীরা শামীমকে সংজ্ঞাহীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এদিকে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ শামীমের পরিবারের।
শামীমের বড় বোন নাজমা আক্তার বলেন, “আমার ভাইকে যারা হত্যা করেছে সেই ফয়সাল ও জনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
“হত্যাকারীরা সরকারী দলের লোক, তাই আমরা কি কোনো বিচার পাব না?”
তবে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
