ধর্ম নিয়ে রাজনীতি করবেন না: সুরঞ্জিত
ধর্ম নিয়ে রাজনীতি না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। ধর্মের কোনো সীমানা নেই। এখানে যারা সংখ্যালঘু, একটু দূরেই তারা আবার সংখ্যাগুরু। রামুতে বৌদ্ধমন্দিরে হামলা করলেন, তার পাশে মিয়ানমারে কিন্তু বৌদ্ধরা সংখ্যাগুরু। এখানে হিন্দুদের সংখ্যালঘু বলা হয়, পাশের দেশ ভারতে কিন্তু তারাই সংখ্যাগুরু।”
উগ্রপন্থী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীর কার্যালয় থেকে ১২ জনের ছবিসহ একটি তালিকা উদ্ধারের প্রসঙ্গ টেনে সুরঞ্জিত বলেন, “পত্রিকায় দেখলাম তিনজন মন্ত্রী হিটলিস্টে আছে। আমার তো ধারণা, আমি এক নম্বরে আছি। এর আগেও তিনবার হিটলিস্টে ছিলাম, দুই বার আমার নির্বাচনী এলাকায়, আরেকবার ২১ অগাস্ট গ্রেনেড হামলায়।”
সংঘাতের পথ ছেড়ে বিরোধী দলকে সমঝোতার পথে আসার আহ্বান জানান এই দপ্তরবিহীন মন্ত্রী।
আর বিরোধী দল সমঝোতার পথ ‘বন্ধ করে দিলে’ সরকারকে ‘একতরফা ভাবেই’ সংবিধান অনুযায়ী নির্বাচনের পথে এগোতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
সরকারের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে এলেও এখনো বঙ্গবন্ধুর পলাতক খুনিরা গ্রেপ্তার না হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেন সুরঞ্জিত।
তিনি বলেন, “সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টার পরও আমরা এখনো বঙ্গবন্ধুর খুনীদের অনেককে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে পারিনি। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী যতো কথা বলেছেন, তার চেয়ে বেশি বলেছেন উপদেষ্টারা। আমি মনে করি এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অমার্জনীয় ব্যর্থতা।”
আগামী নির্বাচনে সরকার বদল হলে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ছয় পলাতক আসামির সাজা কার্যকরের বিষয়টি আবারো অনিশ্চিত হয়ে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
“এখনো কূটনৈতিক তৎপরতা চালানোর কথা বলা হচ্ছে। আর মাত্র কয়েক মাস। এরপরই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে নতুন সরকার গঠন করবে। কূটনৈতিক তৎপরতার মাধমে যতো দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করা প্রয়োজন।”
‘জামায়াতের অবৈধ হরতাল, বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র- সরকারের করনীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী।
অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম, জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসেন আক্তার, বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা ফাতেমা জামান সাথী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় আলোচনায় উপস্থিত ছিলেন।
