দু’দিনেও জ্ঞান ফেরেনি সায়মনের
পুরান ঢাকার সুত্রাপুরে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ কিশোর সায়মনের জ্ঞান দুই দিনেও ফেরেনি।
গত মঙ্গলবার রাতের ওই সংঘর্ষে আহত সায়মন (১৪) এখন অ্যাপোলো হাসপাতালে রয়েছেন। এলাকাবাসী টাকা তুলে তার চিকিৎসার খরচ দিচ্ছেন বলে এই কিশোরের স্বজনরা জানিয়েছেন।
ওই রাতের সংঘর্ষে জড়িতরা দুই দিনেও গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে, জড়িতদের সনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।
ওই কিশোরের ছোট চাচা মো. লিটন বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর এখনো সায়মনের জ্ঞান ফেরেনি।
সায়মনকে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ কলেজ থেকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।
“এলাকাবাসী টাকা-পয়সা উঠিয়ে দেয়ায় তাকে অ্যাপোলোতে আনা হয়েছে।”
ফুটপাতের কাপড় ব্যবসায়ীর একমাত্র সন্তান সায়মন ঈদের চারদিন পর মঙ্গলবার রাতে লক্ষ্মীবাজারের প্রতাপ দাস লেনের বাসা থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে বেড়াতে বের হয়।
রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেটের সামনে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে তার মাথায় গুলি লাগে।
ডিআইটি মার্কেটে ঈদ মেলায় নাগরদোলায় উঠার সময় এক তরুণীর সঙ্গে স্থানীয় এক যুবলীগকর্মীর ধাক্কা লাগে। ওই তরুণী বিষয়টি তার পরিচিত এক ছাত্রলীগকর্মীকে জানালে কয়েকজনকে নিয়ে তিনিও সেখানে যান।
সুত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। গোলাগুলি শুরু হলে একটি গুলি সায়মনের মাথায় লাগে।”
তবে স্থানীয়রা বলছেন, ঈদ মেলার টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষের ঘটনায় সায়মনের বাবা জাহাঙ্গীর হোসেন বুধবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন।
