সিরাজগঞ্জে দু’মহল্লার মধ্যে সংঘর্ষে আহত ৩০
সিরাজগঞ্জ শহরে রিকশায় চড়াকে কেন্দ্র করে শহরের গয়লা ও একডালা মহল্লার মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় ৬টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চার নারীকে আটক করেছে।
এরা হচ্ছেন- গয়লা মহল্লার আবু সাঈদের স্ত্রী হামিদা বেগম (৪০), একই মহল্লার আজমের স্ত্রী হেলেনা বেগম (৪২), আব্দুল লতিফের স্ত্রী মনোয়ারা খাতুন (২৮) ও একডালা মহল্লার দেলশাদ হোসেনের ছেলে সাবিনা খাতুন (২৮)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, মঙ্গলবার যমুনা নদীর ঘাটে রিকশা চড়াকে দুই মহল্লার দুই ব্যক্তির মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় দুই মহল্লার লোকজন ছোটখাট সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন বৈঠকে বসলেও একডালা এলাকার লোকজন গয়লা এলাকায় হামলা চালায়।”
এতে বৈঠক পন্ড হয়ে যায়। দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানান এসআই বারেক।
তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আটক করা হয়েছে চার নারীকে।
