২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 08:59 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

নিহত নূরনবী (২৪) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সোলেমান মিয়ার  ছেলে।

তার লাশ এখনো ভারতীয় কোচবিহার জেলার রানিনগর-৩৫ বিএসএফ ক্যাম্পে রয়েছে। নিহতের মামা গিয়ে লাশ সনাক্ত করেছেন।

লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জোনাব আলী  বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে চিঠি দিয়ে প্রতিবাদ ও লাশ ফেরত চাওয়া হয়েছে।

“জবাবে তারা (বিএসএফ) ময়না তদন্তের পর লাশ ফেরত দেয়ার কথা বলেছে।”  

স্থানীয়রা জানান, নূরনবীকে ধরে নেয়ার সময় বিএসএফ সদস্যদের ছোড়া পাথরের আঘাতে আহত হন ধারাকান্ত গ্রামের জবেদ আলীর ছেলে মোস্তাফা (২২)।

তাকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মোস্তফা সাংবাদিকদের জানান, গত সোমবার গভীর রাতে বাংলাদেশি ২২ রাখাল কানিরবাড়ি সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যান।

ফেরার পথে চোংঙ্গাখাতা সীমান্তের ইছাগাছি এলাকার সোলোঙ্গা নদী সাঁতরে তারা আসছিলেন। এ সময় সেখানের একটি বেইলি সেতুর উপর থেকে চোংঙ্গাখাতা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা একটি লোহার খাঁচা ফেলে নুরনবীকে আটক করে নিয়ে যায় বলে জানান মোস্তফা।

মোস্তফার ধারণা, আটকের পর বিএসএফ সদস্যরা পিটিয়ে হত্যার পর নুরনবীর লাশ নদীতে ফেলে দেয়।

“লাশটি ভারতীয় অংশের বেইলি সেতুর ভাটিতে আটকা পড়ে। পরে তা উদ্ধার করে রানিনগর ৩৫ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। তারাই বিজিবিকে খবর দেয়।”

নিহতের মামা কাশেম বলেন, সমশেরনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা নিহতের লাশ সনাক্ত করার জন্য তাকে বিএসএফের কাছে পাঠায়।  সেখানে তিনি নূরনবীর লাশ সনাক্ত করেন।

“নূরনবীর পিঠের  নিচে ও কোমরে আঘাত ও মাথা থেতলে দেয়ার  চিহ্ন দেখি। তাকে নির্যাতন করেই হত্যা করা হয়েছে।”

নূরনবীর  স্ত্রী  শারমীন আক্তার স্বামীর মৃত্যুর খবর শুনে বাড়িতে শুধু বিলাপ করছেন। তাদের একটি সন্তান রয়েছে।

তিনি বলেন, “স্বামী ভুলে ভারতে যেতে পারে তাই বলে বিএসএফ হত্যা করবে?”