২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের ওপারে নিহত দুজনের লাশ ফেরত

ভারতীয় গ্রামে ঢোকার পর গণপিটুনিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত এসেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 05:35 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০৭/৬ নং সীমান্ত পিলারের কাছে পতাকা বৈঠকের পর বিকালে লাশ দুটি ফেরত দেয়া হয় বলে বিজিবি জানিয়েছে।

সোমবার রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বারাঙ্গাপাড়া থানার চিচিঙ্গাপাড়া এলাকায় ঢুকে পড়েছিলেন রাংটিয়া গ্রামের কান্ত কোচের ছেলে হেমন্ত কোচ (২০) এবং প্রেমানন্দ কোচের ছেলে শীতল কোচ (২১)।

পরে ভারতীয় ওই গ্রামের লোকজন তাদের চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে।

বিজিবির কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী বিজিবির নকশি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুছ বলেন, বৈঠকে বিএসএফের পক্ষ থেকে গণপিটুনিতে বাংলাদেশি দুই যুবকের নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে।

মেঘালয় রাজ্যের তুরা জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

রাত ১২টার দিকে লাশ দুটি ঝিনাইগাতীর সীমান্ত সংলগ্ন রাংটিয়া গ্রামে নিহত যুবকদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোর্শেদ তালুকদার জানান।

বিজিবি কর্মকর্তা কুদ্দুছ বলেন, ময়মনসিংহ সেক্টরের বিজিবি ২৭ ব্যাটালিয়ানের টুআইসি মেজর আমজাদ হোসেন বুধবার ঝিনাইগাতী সীমান্তে ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করেছেন।

ওই দুজনসহ রাংটিয়া গ্রামের পাঁচ যুবক সীমানা অতিক্রম করে মেঘালয়ে গিয়েছিলেন। ভারতীয়দের তাড়া খেয়ে তিনজন সীমানা পেরিয়ে ফিরতে পারলেও বাকি দুজন ধরা পড়ে যান।

পালিয়ে ফিরে আসেন রাংটিয়া গ্রামের জয়ন্ত কোচের ছেলে সুশান্ত কোচ (১৯), চেছিন কোচের ছেলে বিশ্বনাথ কোচ (২১) ও ওয়ারলেছ কোচের ছেলে মাধব কোচ (২০)।