২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গাড়ি ভাংচুর, মিছিল

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিনে সিলেট নগরীতে সিএনজি অটোরিকশা ভাংচুর করেছেন দলের নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধের চেষ্টা এবং ঝটিকা মিছিলও করেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 11:36 AM

Updated : 13 Oct 2022, 02:55 PM

গত ১ অগাস্ট এক রিট আবেদনের রায়ে হাই কোর্ট রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে দলটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টায় পাঠানটুলায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করেন শিবিরকর্মীরা।

এ সময় তারা সিলেট-সুনামগঞ্জ সড়কে গাছের গুড়ি এবং টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। সেখানে কয়েকমিনিট অবস্থান করে দ্রুত স্থান ত্যাগ করেন।

পরে সুবিদবাজার এলাকায় একটি সিএনজি আটোরিকশা ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।

সকাল থেকে নগরীতে কিছু সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না।

সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান, কোথাও বড় ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর সব পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।