বিদেশ সফরের জন্য দীপু মনিকে ধন্যবাদ সংসদীয় কমিটির
বিদেশ সফর নিয়ে কয়েকটি গণমাধ্যমের সমালোচনার মধ্যে থাকা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংসদীয় কমিটির ধন্যবাদ পেয়েছেন।
সংসদীয় কমিটির সদস্য নাজমা আক্তার সাংবাদিকদের বলেছেন, “অন্য দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নেই পররাষ্ট্রমন্ত্রী বিদেশ সফর করেছেন। দেশের প্রয়োজনেই তার সফর। এজন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।”
গত সাড়ে ৪ বছরে শতাধিকবার বিদেশ সফর নিয়ে গণমাধ্যমে সমালোচনা উঠলে একে অপ্রচার দাবি করে সম্প্রতি সংবাদ সম্মেলনও করেন এই প্রথম মন্ত্রিসভায় আসা দীপু মনি।
ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি এ পর্যন্ত ১১৪ বার বিদেশ সফর করেছেন, যাতে সময় লেগেছে ৫১৭ দিন। এর মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দুটি সফরসহ ৩৬টি ভিভিআইপি সফর। দ্বি-পাক্ষিক বৈঠকের জন্য সফর ৬২টি।
দীপু মনি দাবি করেন, তার বিদেশ সফর নিয়ে অতিরঞ্জিত তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
ফাইল ছবি
মঙ্গলবার সংসদীয় কমিটির অষ্টাদশ বৈঠকে আগের বৈঠকের কার্যবিবরণী পাস হয় বলে কমিটির সদস্যরা জানিয়েছেন।
এদিকে চলতি মাসেই মরিশাস, ইতালি, পর্তুগাল এবং গ্রিসে বাংলাদেশ দূতাবাসগুলো পরিদর্শনে যাচ্ছে সংসদীয় কমিটি।
সরকারি দলের সংসদ সদস্য নাজমা জানান, কমিটির সদস্য বিরোধীদলীয় সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকনও এই সফরে যাচ্ছেন।
আগামী ২১ অগাস্ট থেকে এই সফর শুরুর দিনক্ষণ ঠিক করা হয়েছে।
মঙ্গলবার কমিটির সভাপতি নিলুফার জাফর উল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ইমাজউদ্দিন প্রামানিক, মাহবুব উদ্দিন খোকন এবং নাজমা আক্তার উপস্থিত ছিলেন।
